পানির কষ্টে ৬০ হাজার পরিবারের মানুষ

নলকূপের হাতলে একের পর এক চাপ দিচ্ছিলেন করিমন খাতুন (৫৫)। তবে সহজে উঠছিল না পানি। দীর্ঘক্ষণ চেষ্টায় নিজের একটি কলস পানিতে পূর্ণ করেন খুলনার কয়রা উপজেলার মদিনাবাদের এই বাসিন্দা। তাঁকে শনিবার সকাল ১০টার দিকে পাওয়া যায় কয়রা সদর সনাতনী মন্দিরের নলকূপে। যে এলাকাটি তাঁর নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। 

করিমন খাতুন জানালেন, তাঁর বাড়ির পাশের নলকূপে একেবারেই পানি উঠছে না। পুকুরও শুকিয়ে গেছে। যে কারণে মন্দিরের এই নলকূপটির তাঁর ভরসা। কষ্ট হলেও প্রতিদিন এভাবে পাঁচ সদস্যের সংসারের খাবার পানি সংগ্রহ করতে হয় এই বৃদ্ধার। বর্ষা মৌসুমে ঠিকঠাক পানি পেলেও চলতি বছরের খরা মৌসুমে পানির জন্য খুব কষ্ট করতে হচ্ছে তাঁকে। এক কলস পানির জন্য হাত ও কোমরে ব্যথা হয়ে যায় তাঁর। 
কয়রা সদর ইউনিয়নের গোবরা গ্রামের গোলাম রব্বানী দীর্ঘদিন ধরে নলকূপ বসানোর কাজ করছেন। তিনি বলেন, ‘১০ বছর আগেও ৭০-৮০ ফুট গভীরতায় পানি পাওয়া যেত। পাঁচ বছর ধরে যেসব বাড়িতে নলকূপ বসিয়েছি, গড়ে ১৭০-২১০ ফুট গভীরতায় পানি পাওয়া গেছে। এখন তো ৫০০-৬০০ ফুটেও পানি উঠছে না।’
উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ৬০ হাজার পরিবারকে খাবার পানির জন্য ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। শনিবার কয়রা সদর, উত্তর বেদকাশি ও মহারাজপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম ঘুরে তাদের ভোগান্তির কথা জানা যায়। এসব গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। যে কারণে এসব এলাকার অধিকাংশ নলকূপ থেকে পানি উঠছে না। এ ছাড়া মিঠা পানির উৎস পুকুরের পানিও তলানিতে ঠেকেছে। ফলে সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকট তীব্র হয়েছে।

মোটর চালু করলেও পানি মেলে না জানিয়ে মহারাজপুর ইউনিয়নের মেঘারাইট গ্রামের বাসিন্দা মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের বাড়ি ও আশপাশে তিনটি গভীর নলকূপ আছে। সবগুলোর একই অবস্থা। অনেক চাপাচাপির পর মাঝেমধ্যে দু-এক বালতি পানি পাওয়া যাচ্ছে নলকূপ থেকে।’ 
চাপকলের পানি না থাকায় কালনা গ্রামের একমাত্র সরকারি পুকুরই গ্রামের ৯০ ভাগ মানুষের ভরসা। এখান থেকে পানি নিয়েই পান করতে হচ্ছে বলে জানান মহসীন মোল্লা। তিনি বলেন, ‘এই পুকুরের পানিও ধীরে ধীরে তলানিতে ঠেকতিছে। বৃষ্টি না হলি খাবার পানির জন্যি সীমাহীন দুর্ভোগে পড়তি হবে এলাকার মানুষির।’
 
একই গ্রামের সিরাজুল মোল্লার ভাষ্য, ‘গ্রামের অনেকের বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার জন্যি বড় ট্যাংকি রয়েছে। অনেক দিন বৃষ্টি না হওয়ায় সেসব ট্যাংকিও খালি। ফলে খাবার পানির কষ্টে ভুগছেন তারাও। চিংড়ি ঘেরের কারণে এলাকার পুকুর ও খালের পানিও ব্যবহার করা যায় না।’ তিনি মনে করেন, লোনা পানির চিংড়ি ঘের বন্ধ করে সরকারি-বেসরকারি পুকুরগুলো খনন করা হলে পানির সমস্যার সমাধান হবে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের তথ্য অনুযায়ী, কয়রার সাতটি ইউনিয়নে গভীর নলকূপের সংখ্যা ২ হাজার। এ ছাড়া ৭৫টি অগভীর নলকূপ, ১০টি পন্ডস স্যান্ডস ফিল্টার (পিএসএফ), ১০টি পুকুর ও দুইটি পানি শোধনাগার রয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত প্লাস্টিকের ট্যাংক বিতরণ করা হয়েছে ৭ হাজার ৫০০। তবে এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ নলকূপে এখন পানি উঠছে না। অনেক এলাকায় নলকূপ ও পিএসএফ অকেজো পড়ে থাকতে দেখা গেছে। 
কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, তাঁর ইউনিয়নে ৬২ হাজার মানুষের বসবাস। কয়েক বছর ধরে খরার সময় পানির সমস্যা দেখা দিচ্ছে। খাল ও পুকুরগুলোতেও পানি থাকছে না। পানির স্তর নেমে যাওয়ায় এই বিড়ম্বনা।
 

লুৎফর রহমান পল্লীমঙ্গল গ্রামের বাসিন্দা। সেখানে বেসরকারি সংস্থা একটি শোধনাগার বসিয়েছে। নদীর লোনা পানি শোধন করে খাওয়ার উপযোগী করা হচ্ছে। এই শোধনাগার থেকে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ খাবার পানি কিনছেন। চেয়ারম্যান লুৎফর রহমান মনে করেন, এমন শোধনাগার আরও বেশি স্থাপন এবং পুকুর ও খাল খনন করা হলে স্থায়ী সমাধান হবে।
উপজেলাটির চারপাশেই লোনাপানি। তাই এখানকার মিঠাপানির উৎস পুকুর ও খালের পানিও লবণাক্ত। এমন মন্তব্য করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ বলেন, খাবার পানির সমস্যা নিরসনে বৃষ্টির পানি সংরক্ষণের বিকল্প নেই। বেশির ভাগ এলাকায় নলকূপের পানিতে আয়রন বেশি। এ বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপে পানি উঠছে না। পুকুর-খাল খনন ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাকেই স্থায়ী সমাধান বলে মনে করেন তিনি।