দখল-দূষণে বিপর্যস্ত চেঙ্গী নদী

কয়েক দশক ধরে নদীর প্রতি আগ্রাসী আচরণের কারণে
বহু নদী অস্তিত্বহীন। দখল, দূষণ এবং দুর্জনের দৃষ্টিভঙ্গি দেখে মনে হয় এটি মানুষের
আজন্ম শত্রু। জীবন, প্রকৃতি ও জীববৈচিত্রে নদী অবিচ্ছেদ্য অংশ। নদী খেকোদের
রাক্ষসে হাসিতে বিপন্ন হচ্ছে প্রকৃতির এ সহজিয়া গতি। বিভিন্ন ভাবে নদীর প্রতি
আগ্রাসন হচ্ছে। দখল ছাড়াও অবলীলায় দুষণ হচ্ছে। এ নিয়ে বহু কথাও হচ্ছে। তবুও নিজ
গতিতে চলছে নদী ও প্রকৃতি বৈরিতা। বাদ যাচ্ছে না প্রান্তিক অঞ্চলের অববাহিকার
প্রাণতুল্য নদীও।
দু’পাড়ে সুউচ্চ পাহাড়।
মাঝখানে বয়ে গেছে আঁকাবাঁকা চেঙ্গী নদী। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নেই
চেঙ্গী নদীর উৎপত্তিস্থল। সদর, মাইসছড়ি এলাকা হয়ে মহালছড়ি কাপ্তাই লেকে মিশেছে ৯৬
কিলোমিটার দৈর্ঘ্যের এ নদী। নদীর দু’পাড়ে চোখ জুড়ানো সবুজ। কোথাও
শাক- সবজি বাগান, কোথাও ধান রোপন। আমাদের নদী মাতৃক দেশ। ভৌগলিক দিক থেকে ভাটিতে
এবং বঙ্গোপসাগরের তীরে আমাদের অবস্থান। মৌসুমী বায়ু, প্রাকৃতিক ও উজানের জলধারা
গড়িয়ে সাগরে পড়ার প্রয়োজনেই নদীর সৃষ্টি। হাতে গোনা কিছু খাল মানুষের চাষাবাদ,
পানি নিষ্কাশনে সুবিধার জন্য কৃত্রিমভাবে খনন করা হয়। বাকী সবগুলোই অকৃত্রিম,
প্রাকৃতিক। দূর থেকে মনে হতে পারে সমতলে নদীর প্রয়োজন। সেটি প্রতিনিয়ত বুঝাও যায়।
কিন্তু পাহাড়ে আবার নদী কেন? বিষয়টি অলৌকিক কিংবা কাল্পনিকও মনে হতে পারে। অথচ এ
নদীই পাহাড়ী প্রান্তিক জীবনের প্রাণ। নদীর দু’পাড়ের মানুষ সুখ দুঃখের
নিত্য সঙ্গী। নদীরও আছে অব্যক্ত কষ্ট। মুখ খুলে বলতে পারে না। অথচ চোখের সামনেই
হচ্ছে মনুষ্য সৃষ্ট দুষণ। হারাচ্ছে নাব্যতা। নিয়ত ভেঙ্গে যাচ্ছে দু’পাড়।
পাহাড়ী এলাকায় শীত ও বসন্তে পানির অভাব ভুগতে হয়
প্রান্তিক মানুষদের। বসন্তেও পানি একেবারে শুকিয়ে যায় না। অল্প পানি থাকে। তা
অবশ্য মেশিন দিয়ে কৃষি কাজের জন্য নিয়ে যাওয়ায় সেটি আরও কমে যায়। বিকল্প কোন উপায়ও
নেই। নদীর পানিতেই দু’পাড়ের অনাবাদি জমিতে চাষাবাদ হচ্ছে। পানি আরও বেশি থাকলে অবশ্যই নদীর
পাড়ে, আশেপাশে এলাকায় কোন অনাবাদি জমি থাকতো না। এ অঞ্চল খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ
হতো। চাষাবাদ এবং জীবনের প্রয়োজনে নদীর এই অনবধ্য অবদানই তার উৎকর্ষতা।
পাহাড়ী জীবনে ছোট ছোট ঝিরি, ছড়া, ঝর্ণা এবং নদী
কতটুকু প্রভাব ফেলে তা হয়তো বর্ষাকাল কিংবা শীতকাল না আসলে বোঝানো অনেক মুশকিল।
সাধারণত সমতলে বর্ষাকালে বৃষ্টির পানি নদী হয়ে সাগরে চলে যায়। কিন্তু পাহাড়ে যে
বৃষ্টি হয় সে পানি কোন দিকে যাবে? সেই পাহাড়ী ঢল মূলত ছড়া, চেঙ্গী নদী হয়ে কাপ্তাই
লেক এবং অতিমাত্রায় হলে কর্ণফুলী নদীতে পতিত হয়। চেঙ্গী নদীটি গত কয়েক বছরে
নাব্যতা হারিয়ে অনেকটা প্রাণহীন। নাব্যতা হারানোর পেছনেও রয়েছে উল্লেখযোগ্য কারণ।
প্রতিবছর টানা বৃষ্টিতে পাহাড়ের উপরিভাগের মাটি নরম হয়ে ভূমিধসের ঘটনা ঘটে। এ মাটি
পানির সাথে মিশে ছড়া, ঝিরি হয়ে নদীতে আসে। এতে মাটি জমে নদীর গভীরতা হ্রাস পায় এবং
পানি নিস্কাশনে বাধা সৃষ্টি হয়। ফলশ্রুতিতে বেশ কয়েক বছরে বর্ষার সময় টানা
বৃষ্টিতে পানি যথাসময়ে নিষ্কাশন না হওয়ায় তা জমে নিচু এলাকা প্লাবিত হয়। হয় বন্যা।
মাটির ঘরবাড়ি, ফসল পানিতে তলিয়ে যায়। নিঃস্ব হয় নিচু অঞ্চল এবং নদীর পাড়ে
বসবাসকারী এ জনপদের মানুষ। পাহাড়ী ঢল ধীরে ধীরে নদীটিকে নিজস্বতা হারাতে বৈরী
ভূমিকা রাখছে। এর পেছনে যতটুকু প্রকৃতিক তার চেয়ে বেশি মনুষ্য প্রভাব। পাহাড় কাটার
ফলেই বেশিরভাগ ভূমিধ্বস হচ্ছে বলে প্রমাণিত।
চেঙ্গি বর্ষায় ভরা যৌবনা থাকলেও শীত ও বসন্তে
মৃতপ্রায়। বসন্তের ফাগুন মানুষ ও প্রকৃতিতে গুনগুনিয়ে ভালোবাসার গান শোনালেও চর
জাগা শুকনো নদী নিশ্চুপ; নিরব দর্শক। এখানে চর জাগে, অনেকে বালু তোলে। আবার অনেকে
মাছও ধরে। এ নদী ঘিরে এ অঞ্চলের মানুষের রয়েছে অনেক বিদগ্ধ স্মৃতিকথা, জীবন-
জীবিকা। এ জনপদের বয়স্ক মানুষদের জিজ্ঞেস করলে জানা যায়, যখন পার্বত্য অঞ্চলের সদর
দপ্তর রাঙ্গামাটি ছিলো, তখন চেঙ্গী নদীই ছিলো যাতায়াতের একমাত্র নৌপথ। নৌকা ছাড়াও
ইঞ্জিন চালিত ছোট বড় অনেক টলার- স্টিমার চলাচল করতো। সময় পরিক্রমায় আর সড়ক পথের
উন্নতিতে চেঙ্গী নদীতে নৌ চলাচল বন্ধ বললেই চলে। সময়ের সাথে সাথে হারিয়েছে
নাব্যতা; প্রাণ। তবে পাহাড়ী জীবনে এ নদী এখনো কতটা প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্ব
বহন করে তা হাঁটতে হাঁটতে চোখের সামনে ছবি হয়ে আসে একে একে।
নদীতে পানি থাকলে বিষ প্রয়োগে মাছ ধরার খরব
প্রায় পাওয়া যায়। স্থানীয় লোকজন ছাড়াও স্থানীয় মিডিয়ায় এ বিষয়ে কয়েকটি খবর মনে
পড়ে। বিষ প্রয়োগে যে মাছ শিকার করা হয়, তা খাওয়া মানব স্বাস্থ্যের জন্য কতটুকু
উপযোগি, এ জ্ঞান এখানকার মানুষের থাকলে হয়তো এমনটি ঘটতো না। কিছু দূর হাঁটতেই দু’জনের
সাথে দেখা। তাদের পিঠে ঔষধের ড্রাম। জিজ্ঞেস করলে বলে ওঠে বরই বাগানে ঔষধ ছিঁটাবে।
ঔষধ মেশানোর জন্য পানি নদী থেকেই নিয়েছে। ‘এতে নদীর পানি দূষিত হচ্ছে
কি-না?’ জানতে চাইলে এ বিয়ে খুব বেশি পাত্তা দেয়নি তারা। আমের মুকুলে যখন
ঔষধ ছিঁটানো হয়, তখনও বিষাক্ত ঔষধ এভাবেই নদীর পানিতে মিশে। চেঙ্গি ব্রীজের পাশ
দিয়ে মরা মাছ দেখা যায়। মরা মাছ শেওলার সাথে জড়িয়ে আছে। দেখে মনে হলো সেই বরই
বাগানে বিষ ছিঁটানোর লোক দু’টির বিষয়টি।
হতাশ হওয়ার মতো কিছু দৃশ্যও চোখে পড়ে। বিশেষ
করে নদীতে প্রচুর পরিমানে চিপস প্যাকেট, প্লাস্টিক বোতলসহ অপচনশীল বা ননডিগ্রেডেবল
বস্তু দেখা যায়। নদীর তীর ঘেঁষে থাকা জেলা, উপজেলা শহরের পয়ঃনিস্কাশন, বাসা বাড়ির
যেসব ময়লা ড্রেনে ফেলা হয় সেগুলো, দোকান-বাজারের অধিকাংশ বর্জ্য ড্রেনের মাধ্যমে
নদীতে এসে পড়ছে। দেখে মনে আমাদের কারো কিছু করার নেই। বর্ষায় এসব প্লাস্টিক বস্তু
নিশ্চয় কাপ্তাই হ্রদ হয়ে কর্ণফুলীতে গিয়ে পড়ে। গবেষকদের মতে এসব পলিথিন, প্লাস্টিক
ধরণভেদে পানিতে বা মাটির নিচে ২০ থেকে ৫০০ বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে। এছাড়া
এগুলো থেকে ন্যানো পার্টিকেলস্ পানিতে ছড়িয়ে মাছের মাধ্যমে আমাদের শরীরেও আসছে।
পুরো বাস্তুসংস্থানে একচেটিয়া ক্ষতি করে যাচ্ছে। এর ভয়াবহ পরিণতি আমরা আজও অনুভব
করতে পারছি বলে মনে হয় না। অথচ ২০০২ সালে সরকার কর্তৃক পলিথিন নিষিদ্ধ করা হয়।
নদীতে পলিথিন আর প্লাস্টিকের দৃশ্য দেখলে নিষিদ্ধ হয়েছে বলে মনে হবে না। এছাড়া এ
পানি যেমনি কারো কাছে জীবন বাঁচানোর মন্ত্র, ঠিক তেমনি কারো কাছে নিত্তান্তই গোচরে
অগোচরে দূষণের এক বস্তু। নদীর তীরবর্তী বাসিন্দাদের অনেকেই নদীর টয়লেটের নিষ্কাশন
পাইপটি নদীর দিকে দিয়ে রেখেছে। এতে অবলীলায় দূষিত হচ্ছে নদীর পানি। অথচ অন্যকেউ এ
পানি খাবারে ব্যবহার করছে। এতে ছড়িয়ে পড়ছে পানি বাহিত অনেক রোগ।
নদীর তীরে তামাক চাষের বাগান। আশ্চার্যজনক হলেও
সত্যি। তামাক গাছ পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তার মধ্যে ছোট
বাচ্চারা সে বাগানে দৌড়াদৌড়ি করছে। এর ক্ষতিকর দিক হয়তো অনেকেরই জানা। কিন্তু
তামাক চাষে অধিক লাভের বিষয়টি সেই সচেতনতাকে ঢেকে রাখে। এটি শুধু চেঙ্গী নদরি পাড়ে
নয়, দীঘিনালা উপজেলার প্রচুর এলাকায় তামাক চাষ হচ্ছে। বিভিন্ন কোম্পানী তামাক
চাষের জন্য কৃষকদের অগ্রিম টাকা দিয়ে থাকেন, যা সাধারণ চাষাবাদের চেয়ে অধিক
লাভজনক। অনেকটা দাদন ব্যবসার মতো। এটি নিয়ে স্থানীয় প্রশাসনের বেশ কিছু উদ্যোগ
থাকলেও খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না। পার্বত্য অঞ্চলের আর্থ- সামাজিক ব্যবস্থায় এটি
চরম বাস্তবতা।
পাহাড়ী জীবনে এ জনপদের মানুষ সর্বদা প্রতিকূলতার
সাথে যুদ্ধ করে চলে। পানির অভাব বা সমস্যা তার মধ্যে অন্যতম একটি। শুকনো মৌসুমে
নদীর এ যৎসামান্য পানিতেই দু’পাড়ে নিকটবর্তী মানুষের গোসল, হাড়িপাতিল ধোঁয়া, ও নিত্য ব্যবহারের একমাত্র
সম্বল। অনেকে খাবারের পানি হিসেবেও ব্যবহার করছেন। হাঁটতে হাঁটতে দু’চোখ
এমন দৃশ্যের স্বাক্ষী হলো।
আশার বিষয় হচ্ছে, কিছু জায়গায় ব্লক দিয়ে নদীর
পাড় ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ড্রেজিং করা হচ্ছে। এতে হয়তো চেঙ্গী তার
প্রাণ ফিরে পাবে। পাহাড়ী প্রান্তিক মানুষের সুক দুঃখে নিজের সৌকর্য উজার করে
বিলিয়ে দিতে পারবে। নদীর সুখ দুঃখ বোঝার সেই পরিপক্ক ইন্দ্রিয় হয়তো আমাদের অনেকেরই
নেই। তবে তার উপযাগিতা দেখে মনে হলো নদী নিয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদী কার্যক্রম
বাস্তবায়ন খুবই জরুরী। বিশেষ করে জাতীয় পর্যায়ে পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিশেষ
পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। যে এলাকাগুলোতে অত্যধিক দূষিত হচ্ছে- বিশেষ করে বাজার,
কারখানা কিংবা শিল্প এলাকায়, সেখানে স্থানীয় নেতৃবৃন্দ কিংবা সুশীল সমাজের সমন্বয়ে
কমিটি গঠন পূর্বক সচেতনতামূলক কার্যক্রম গ্রহন করা যেতে পারে। জাতীয় নদী রক্ষা
কমিশন ডিজিটালি এবং ম্যানুয়ালি তাত মনিটরিং করতে পারে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও
নিতে পারে। তৃনমূলের মানুষকে সচেতনতার মাধ্যমে সম্পৃক্ত করতে হবে। নদীর প্রয়োজনীয়তা
নিয়ে প্রয়োজনে প্রন্তিক পর্যায়ে উঠান বৈঠকসহ অন্যান্য কার্যক্রম গ্রহন করা উচিত।
প্রান্তিক মানুষদের এখনই এগিয়ে আসতে হবে তাদের প্রাণের নদী বাঁচাতে।
নদী না বাঁচলে কিভাবে বাঁচবে পাহাড়, দেশ? কিভাবে
বাঁচবে জীবন ও প্রকৃতি। মানুষ, প্রকৃতি ও পরিবেশ ভারসাম্য রক্ষার জন্যই নদীকে তার
ঐশ্বর্য়ের ডোরে যৌবনা রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিষয়গুলো শুধুমাত্র সভা,
সেমিনারে সীমাবদ্ধ না রেখে কার্যকরী পদক্ষেপসহ প্রান্তিক মানুষের মাঝে ছড়িয়ে
দেওয়ার উদ্যোগ এখন সময়ের দাবী। তাদেরকেই রক্ষা করতে হবে তাদের জীবনের অবিচ্ছেদ্য
অংশকে।










