হামে শিশু মৃত্যুর ঘটনায় মর্মাহত স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার
সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে ‘বজ্রপাতের মতো’
নেমে এসেছে এবং এ পরিস্থিতির জন্য কোনো প্রস্তুতি ছিল না। সাম্প্রতিক সময়ে শিশু
মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু
হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায়
জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে। ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা
টিকা দিয়ে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এই কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, হামের টিকা সংগ্রহের জন্য ইতোমধ্যে
উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন টিকা দেশে পৌঁছাতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের
বিভিন্ন স্তরের কর্মীদের দাবি-দাওয়া নিয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। পোর্টার,
স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্যকর্মীদের বেতনসংক্রান্ত বিষয় দ্রুত সমাধানের
জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
হামের সংক্রমণ বৃদ্ধি ও টিকাদান কাভারেজ কমে
যাওয়ার প্রেক্ষাপটে সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।










