মন্দ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে মন্দ প্রকল্প দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্প পরিচ্ছন্ন করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রকল্পের ভালো ও মন্দ পর্যালোচনা করে বাদ দেওয়ার তালিকা, মেয়াদ বাড়ানোর তালিকা ও আগামীর জন্য নতুন প্রকল্পের তালিকা প্রস্তুত করবে  কমিটি। 

বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথা ভেঙে প্রথমবার সচিবালয়ে একনেক সভা হলো। সাধারণত শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে গত অন্তর্বর্তী সরকারের সময় প্রথম দুটি এনইসি সভা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। 

পরিকল্পনা কমিশন ও বৈঠক সূত্র জানায়, সরকারের প্রথম একনেকে মোট ১৮টি প্রকল্প অনুমোদনের জন্য এবং ৩৩টি প্রকল্প অবহিতকরণের জন্য উত্থাপনের তালিকায় রাখা হয়। বেলা ১১টায় সভা শুরু হয়। দুপুর ২টায় সরকারি দলের সংসদীয় সভায় যোগদানের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সভা ত্যাগ করেন। ওই সময় পর্যন্ত অষ্টম প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সভা মুলতবি হয়ে যায়। মুলতবির আগ পর্যন্ত পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আরও পর্যালোচনার জন্য দুটি প্রকল্প ফেরত দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয় ধরা হয় ৪৮৩ কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩৯১ কোটি টাকা ও প্রকল্প ঋণ ৯৩ কোটি টাকা উন্নয়ন সহযোগীদের ঋণ থেকে জোগান দেওয়া হবে। 

একনেক বৈঠকে অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে চলমান প্রকল্প রয়েছে এক হাজার ৩৫৯টি। এডিপির আকার ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। গত ১২ জানুয়ারি এডিপি সংশোধনের মাধ্যমে ৩০ হাজার কোটি টাকা কাটছাঁট করা হয়। এর আগে গত অন্তর্বর্তী সরকারও এডিপিভুক্ত প্রকল্প পর্যালোচনা করেছিল।
 ওই সময় কিছু প্রকল্প বাদ দেওয়া হয়। কিছু প্রকল্প স্থগিত রাখা হয়। 

প্রকল্প পর্যালোচনায় কমিটি গঠন
সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর লক্ষ্য, অপচয় রোধ এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে
 কমিটির আহ্বায়ক করা হয়েছে। যেসব প্রকল্প দীর্ঘ সময় ধরে ঝুলে আছে বা বারবার ব্যয় বাড়ানো হয়েছে, কমিটি সেগুলো পর্যালোচনা করবে। 
অর্থমন্ত্রী বলেন, কমিটিকে একটি ‘ক্লিনিং প্রসেস’ বা পরিচ্ছন্নকরণ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যার মাধ্যমে নির্ধারণ করা হবে কোন প্রকল্প বাদ দেওয়া হবে, কোনগুলোর মেয়াদ বাড়ানো হবে এবং আগামীতে কোন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।
 এটি ‘মন্দ প্রকল্প’ বাদ দিয়ে জনগণের জন্য প্রকৃত অর্থবহ ‘ভালো প্রকল্প’র জায়গা করে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অতীতে অনেক প্রকল্প অর্থনৈতিক কার্যকারিতার চেয়ে রাজনৈতিক বিবেচনায় শুরু করা হয়েছিল। এসব প্রকল্পে বিনিয়োগ থেকে যথাযথ ফল আসেনি। সরকারপ্রধানের নির্দেশনায় গঠিত নতুন কমিটি প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা এবং সেগুলো অব্যাহত রাখা উচিত কিনা তা খতিয়ে দেখবে। সরকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সংস্কৃতি থেকে সরে এসে এমন একটি ব্যবস্থা তৈরি করতে চায়, যেখানে জনগণের টাকা সঠিকভাবে জনকল্যাণে ব্যয় হবে। দেশে প্রকল্প ব্যয়ের ইতিহাসে প্রায়ই জবাবদিহির অভাব ছিল। নানা কৌশলে ব্যয় বাড়ানো হতো।

অনুমোদিত পাঁচ প্রকল্প
একনেকে অনুমোদিত পাঁচ প্রকল্পের সবগুলোই পুরোনো প্রকল্পের সংশোধনী। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প। এগুলো হচ্ছে
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২। গতকাল প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদিত হয়েছে। চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪) তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। 
অনুমোদিত অন্য দুটি প্রকল্প স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের। ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্পে
 প্রকল্পের প্রথম সংশোধন একনেকে অনুমোদন হয়েছে। দ্বিতীয়বারের মতো সংশোধনের অনুমোদন 
পেয়েছে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প।