হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে
হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি
নিশ্চিত করেছে। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮০ জন শিশু চিকিৎসাধীন
রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনউদ্দিন খান বলেন,
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৮ জন শিশু ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন।
তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৭৬ জন শিশু
হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন পর্যন্ত ৭
জন শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.
ফয়সল আহমেদ বলেন, আক্রান্তের হার জনসংখ্যার তুলনায় খুব বেশি উদ্বেগজনক না হলেও
শিশুদের বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি ও আক্রান্ত
শিশুদের প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ৯ মাস বয়সে শিশুদের হামের
প্রথম টিকা দেওয়া হয়। কিন্তু এর আগেই অনেক শিশু আক্রান্ত হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ
তৈরি হয়েছে।
চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শিশুদের
মধ্যে জ্বর, ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের
শরণাপন্ন হওয়া জরুরি।












