হত্যা ও ভাঙচুর মামলায় সাবেক স্পিকারের গ্রেপ্তার ও কিছু প্রশ্ন

রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের
সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।
এর মধ্য দিয়ে দেশে আবারও আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটল। আর
এবার এর শিকার জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, রাষ্ট্রীয়
প্রোটোকলে যিনি দীর্ঘদিন রাষ্ট্রের তিন নম্বর ব্যক্তির মর্যাদা ভোগ করেছেন।
রাষ্ট্রীয় প্রোটোকলে এক নম্বরে আছেন রাষ্ট্রপতি, দ্বিতীয় স্থানে আছেন
প্রধানমন্ত্রী এবং তিন নম্বরে আছেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি।
আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া এ ধরনের ব্যক্তিকে
এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু শিরীন শারমিন চৌধুরীকে ‘ধানমন্ডির ৮/এ
রোডের একটি বাসা থেকে’ থেকে আটকের আগে পরোয়ানা তো দূরস্থান, কোনো মামলার কাগজও
দেখায়নি ডিবি পুলিশ। সমকাল অনলাইনের খবর অনুসারে, রাজধানীর মিন্টো রোডের ডিবি
কার্যালয়ে নেওয়ার পর রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও
ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিন চৌধুরীকে।
ডিবি সূত্রেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমকালসহ বিবিন্ন সংবাদমাধ্যম
জানাচ্ছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের ওই বাসা থেকে তাঁকে
আটক করা হয়। ভোর বলা হলেও বাস্তবে তা গভীর রাত, যখন যে কোনো মানুষ গভীর ঘুমে
থাকেন। শিরীন শারমিন কি একজন দাগি আসামি যে তাঁকে এত রাতে গ্রেপ্তার করতে হবে?
ডিবির একটি সূত্র সমকালকে জানিয়েছে, বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন।
সর্বশেষ তিনি ধানমন্ডিতে মাসুদ উদ্দিন নামে এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকেই
তাঁকে আটক করা হয়। গোটা জাতি জানে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানকালে তিনি
তৎকালীন ডেপুটি স্পিকার, কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্যসহ সংসদ ভবনের ‘গোপন’ কক্ষে
আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তাদের উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা সেনানিবাসে
নিয়ে যান। সেনানিবাসে তিনি তৎকালীন প্রধান বিচারপতিসহ আরও ছয় শতাধিক গুরুত্বপূর্ণ
ব্যক্তির সঙ্গে সেনাবাহিনীর জিম্মায় ছিলেন। এ তথ্য সশস্ত্র বাহিনীর গণসংযোগের
দায়িত্বপ্রাপ্ত আইএসপিআর বিজ্ঞপ্তি রূপে একবার জানিয়েছিল।
সেনাবাহিনীর জিম্মায় থাকা সেই ব্যক্তিদের অনেককে পরে পুলিশের কাছে
হস্তান্তর করা হয় কিংবা সেনাবাহিনীর সহায়তার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ডেপুটি স্পিকার, আইনমন্ত্রীসহ অনেকেই ছিলেন। কিন্তু
স্পিকার, প্রধান বিচারপতির ভাগ্যে কী ঘটেছে, তা জানা যাচ্ছিল না। এ কারণে সামাজিক
মাধ্যমে অনেক গুজবও ছড়িয়েছিল। কিন্তু সেনা জিম্মা থেকে কেউ তো নিজে নিজে আপন
ঠিকানায় যেতে পারে না, বিশেষ করে যেহেতু তাদের সবার বিরুদ্ধে হত্যাসহ নানা প্রকার
মামলা দায়ের হয়েছিল ইতোমধ্যে। এখন যে শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের স্থান নিয়ে
পুলিশের বক্তব্যে অনেকে অবিশ্বাস করছেন, তার ভিত্তিও ওখানে।
ডিবির অতিরিক্ত কমিশনার সমকালকে জানিয়েছেন, শিরীন শারমিনের
বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
বাকি তিনটি মামলা তদন্তাধীন। তদন্তাধীন মামলায় প্রয়োজনে পুলিশ অভিযুক্তকে
গ্রেপ্তার করতে পারে। কিন্তু ডিবি সেটা না করে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখাল কেন
তাঁকে? এটাও স্বেচ্ছাচারের আরেক নমুনা।
বিগত সব সরকারের সময় পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী বিশেষত
গ্রেপ্তারের নামে এমন স্বেচ্ছাচারী হয়ে উঠত। এ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে।
মানবাধিকারের দৃষ্টিতে এটা অন্যায়, এ নিয়ে উচ্চ আদালতের একাধিক রায়ও আছে। আশা করা
হয়েছিল, বিশেষ করে মানবাধিকার সমুন্নত রাখা এবং পুলিশকে জনবান্ধব হিসেবে
পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার ওই স্বেচ্ছাচারিতার
অবসান ঘটাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সে সময়ই বেআইনি ও ভুয়া মামলায় যখন তখন যে কাউকে
গ্রেপ্তারের ঘটনা বেশি ঘটেছে। আইনের শাসনের এমন ব্যত্যয় থেকে তখন এমনকি সাংবাদিক,
সাংস্কৃতিক কর্মীরাও রেহাই পাননি।
এ রকম এক হতাশাজনক ও দুঃসহ পরিস্থিতিতে বিএনপির শীর্ষনেতা, আজকের
প্রধানমন্ত্রী যখন ১৭ বছর পর দেশে এসে প্রথমেই আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠার
ঘোষণা দিলেন; বললেন, তিনি প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটাবেন, তখন দলমত নির্বিশেষে
সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এরই ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে
বিএনপির বিরুদ্ধ মতের মানুষেরাও তাদের ভোট দিলেন।
কিন্তু আজকে যখন শিরীন শারমিনের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে
গভীর রাতে কোনো সুনির্দিষ্ট মামলা বা পরোয়ানা ছাড়া একটি বাসা থেকে তুলে নেওয়া হয়,
তখন কি মানুষের সেই আশাবাদ ধাক্কা খায় না? শিরীন শারমিন আওয়ামী লীগের এমপি ছিলেন,
দলীয় পদও ধারণ করেছেন একটা সময়। কিন্তু কেউ কি বলতে পারে, সেসব দায়িত্ব পালন করতে
গিয়ে কখনও কোনো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক কিছু করেছেন? কাউকে অন্য
অনেক মন্ত্রী-এমপির মতো ভুয়া মামলা দিয়ে মাসের পর মাস জেল খাটিয়েছেন? কিংবা কোনো
দুর্নীতি-অনিয়মের অভিযোগও কি তাঁর বিরুদ্ধে আছে?
তাঁর বিরুদ্ধে হত্যা মামলা আছে, যেগুলো তদন্তাধীন বলেছে পুলিশ। তদন্তে দোষ খুঁজে
পেলে আদালতের পরোয়ানা নিয়ে কি তাঁকে গ্রেপ্তার করা যেত না? ততদিন ধৈর্য ধরার শক্তি
নেই বিএনপি সরকারের?
শিরীন শারমিন কাউকে হত্যা করতে গেছেন বা ভাঙচুর করেছেন, এই অভিযোগ
কতটা বিশ্বাসযোগ্য? রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি
দিয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতাসীন হলো, সে প্রতিশ্রুতি আদৌ পূরণ হবে
বলে এখন কেউ বিশ্বাস করবে কি? এখনও সময় আছে, শিরীন শারমিন সম্পর্কে স্বচ্ছ বক্তব্য
দিন, আইনকে নিজস্ব ধারায় চলতে দিন, তাঁর জামিনের পথে বাধা না দিয়ে আইনের শাসনের
অঙ্গীকার সমুন্নত রাখুন।












