জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

তিনটি প্রতিষ্ঠান থেকে তিন লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়। আন্তর্জাতিক কেনাকাটায় সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব তেল কেনা হবে বলে অর্থমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরান যুদ্ধের জেরে উদ্ভুত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে তিনটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে।
এর মধ্যে ওয়াইএআর এনার্জি এজি থেকে এক লাখ টন, কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি থেকে এক লাখ টন এবং মেসার্স শিকদার ইন্টারন্যাশনাল থেকে এক লাখ টন ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
তবে প্রতিষ্ঠানগুলো কোথায় থেকে ডিজেল সরবরাহ করবে কিংবা কত দামে কেনা হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি অর্থ মন্ত্রণালয়। জানা গেছে, প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তালিকাভুক্ত সরবরাহকারী নয়।
এদিকে এই কমিটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ২০২৫-২৬ অর্থবছরের মাঠপর্যায়ে ইপিআই ভ্যাকসিন নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন করেছে। স্বাস্থ্য সেবা বিভাগ এ প্রস্তাব করেছে।












