বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের
২৮ বিচারককে শোকজ, সুপ্রিম কোর্ট সচিবালয়, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন
অধ্যাদেশ, ২০২৫ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক
পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল ল'ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আজমল হোসেন এই প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী উপায়ে ফ্যাসিস্ট
আমলে প্রণীত একটি সার্কুলারের আলোকে শোকজ করা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস
বিধিমালা, ২০১৭ অনুসারে বেআইনি ও সংবিধানের ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। আমরা এহেন
শোকজকে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের ভয় দেখানোর কৌশল মনে করছি।
তিনি আরও বলেন, অবিলম্বে বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে বিচারকদেরকে
করা শোকজ নোটিশ প্রত্যাহার করতে হবে এবং বিচার বিভাগের ওপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ
করতে হবে।
হাইকোর্টের রায় অনুযায়ী অবিলম্বে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়
গঠনের আহ্বান জানান অ্যাডভোকেট আজমল হোসেন।
আজমল হোসেন বলেন, সরকার কর্তৃক জনগুরুত্বপূর্ণ তিনটি অধ্যাদেশ
বাতিলের প্রাথমিক সিদ্ধান্তে ন্যাশনাল ল'ইয়ার্স অ্যালায়েন্স গভীর উদ্বেগ ও তীব্র
প্রতিবাদ জানায়। বিচার বিভাগের স্বাধীনতা খর্বকারী সুপ্রিম কোর্ট সচিবালয়
অধ্যাদেশ, ২০২৫ বাতিল হলে বিচার বিভাগ পুনরায় নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে
যাবে, যা মাজদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।
এনএলএ আহ্বায়ক বলেন, গুমবিরোধী আন্তর্জাতিক সনদে (আইসিপিপিইডি)
স্বাক্ষরকারী হিসেবে এই অধ্যাদেশ বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গীকার লঙ্ঘনের
পাশাপাশি গুমের শিকার পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে এবং অপরাধীদের
দায়মুক্তির সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার উদ্যোগ রুখে দিলে
সংস্থাটি পুনরায় দন্তহীন বাঘে পরিণত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ল'ইয়ার্স অ্যালায়েন্সের
সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার এরশাদুল বারী, মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ,
কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহাবুল বাশার, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট
মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট আশরাফী সানজিদা প্রমুখ।
উল্লেখ্য, বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের
২৮ বিচারককে শোকজ করে আইন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের আইন ও বিচার
বিভাগ থেকে শোকজের চিঠি দেওয়া হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে
নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আপনার
নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানিমূলক
বক্তব্য প্রদান করে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন।
এর মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জারি করা
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ
হিসেবে গণ্য।
এছাড়া, আপনি এমন কার্যকলাপের মাধ্যমে 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস
(শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭'-এর বিধি ২ (চ) (২)-এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য
ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের সামিল।
এমতাবস্থায়, 'বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা,
২০১৭' অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে চিঠি পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচারকদের
লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।













