ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

‎রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সায়েন্সল্যাব মোড়সংলগ্ন সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

‎জানা গেছে, ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ইট ছুঁড়ে বাসটির গ্লাস ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়।

‎একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

‎সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে আইডিয়াল কলেজের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

‎এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব যুগান্তরকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের বাসের গ্লাসে ঢিল ছোড়েন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত।

‎তিনি বলেন, আপাতত কোনো হতাহতের খবর আমরা পাইনি। আহত কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।