শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ

শেরপুরের শ্রীবরদীর সীমান্তে অভিযান চালিয়ে ছয় লাখ ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ডুমুরতলা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবি, ময়মনসিংহের আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টুনভর্তি ভারতীয় জনসন সাবান ফেলে পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে কার্টুনভর্তি এসব ভারতীয় সাবান জব্দ করেন। জব্দকৃত সাবানগুলোর সিজার মূল্য ছয় লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নুরুল আজিম বায়েজীদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।