কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার
(২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী
ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসাকে
কেন্দ্র করে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে
প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থী সামিন মজুমদার ও
সালমান পাটোয়ারিকে মারধরের অভিযোগ ওঠে।
পরে
বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে
বিষয়টির সমাধান না হওয়ায় প্রক্টর কার্যালয় থেকে বের হওয়ার পর দুই পক্ষের মধ্যে
ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের শুরু হয়।
এ ঘটনায়
আইসিটি বিভাগের তাওহিদুল ইসলাম ও রোদ্র মুহাম্মাদ শহিদুল্লাহ, অর্থনীতি বিভাগের
তোফায়েল মাহমুদ নিবির এবং ফাইন্যান্স বিভাগের এহসানুল হক আহত হয়েছেন। আহতদের
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার পর
ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও
প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
সদর
দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের
ভেতরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের
চেষ্টা চলছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’













