বিসিবির ইমেজ ফেরাবেন তামিম

খেলা ছাড়ার আগে থেকেই ক্রিকেট বোর্ডের সভাপতি
হওয়ার স্বপ্ন দেখেছেন তামিম ইকবাল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি শীর্ষ
পর্যায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। গতকাল মঙ্গলবার তাঁর স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)
গঠিত অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তিনি। জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক
ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলের পর তৃতীয় ক্রিকেটার সভাপতি তামিম ইকবাল।
সভাপতি মনোনীত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় সভা করেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
আজ আবার সভা হবে বলে জানান সংবাদ সম্মেলনে। তবে গতকাল সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে
তিনি জানান দেশের ক্রিকেটের হারানো ‘ইমেজ’ পুনরুদ্ধার এবং একটি স্বচ্ছ নির্বাচন
উপহার দিতে সততার সঙ্গে কাজ করবেন।
তামিম ইকবালের মতে, ‘আমাদের একটি গুরুত্বপূর্ণ
দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত এমন দায়িত্ব পেলে অনেকেই উন্নয়নসহ নানা বিষয়
নিয়ে কথা বলেন। কিন্তু আমি এবং আমার দল অনুভব করেছি–
আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। গত এক
থেকে দেড় বছরে যে সুনামের ক্ষতি হয়েছে, সেটি ঠিক করাই সবচেয়ে বড় অগ্রাধিকার।’
নাজমুল হাসান পাপনের অনুপস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবি সভাপতি
হয়েছিলেন ফারুক আহমেদ। তিনি মাত্র ৯ মাস দায়িত্ব পালন করতে পেরেছেন। ফারুকের
স্থলাভিষিক্ত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়া প্রবাসী বুলবুলেরও বেশি
দিন থাকা হলো না। এনএসসি কর্তৃক গঠিত তদন্ত কমিটি ২০২৫ সালের ৬ অক্টোবরের
নির্বাচনে অনিয়ম খুঁজে পাওয়ায় মঙ্গলবার বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
গঠন করেছে। তামিম ইকবালের নেতৃত্ব এই কমিটি তিন মাসের মধ্যে একটি নিরপেক্ষ
নির্বাচন দেবে। এ ব্যাপারে নতুন সভাপতি জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন
আয়োজনে সহায়তা করবেন তারা। এই দায়িত্ব সৎভাবে পালন করতে চান তিনি। বিসিবির দৈনিক
কার্যক্রম, নারী টি২০ বিশ্বকাপ, দ্বিপক্ষীয় সিরিজ, ঘরোয়া ক্রিকেটের কার্যক্রমও
নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিতে চান তারা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক সংবাদ সম্মেলনে
মিডিয়ার সহযোগিতা কামনা করেন, ‘একটি বিষয়ে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি
প্রয়োজন। আমি বিশ্বাস করি, গণমাধ্যম আমাদের একটি বড় স্টেকহোল্ডার। আমরা
সিদ্ধান্ত নিয়েছি, বোর্ড-সংক্রান্ত সব বিষয়ে একজন নির্দিষ্ট মুখপাত্র কথা বলবেন
গণমাধ্যমে। তিনি হলেন তানজিল চৌধুরী ভাই, বোর্ড-সংক্রান্ত যে কোনো বিষয়ে তাঁর
সঙ্গে যোগাযোগ করবেন। অন্য কেউ যদি আলাদা করে মন্তব্য করেন, তাহলে আমাদের ঐক্য
নষ্ট হতে পারে।’ সংবাদ সম্মেলনে তানজিল চৌধুরী জানান, আন্তর্জাতিক ক্রিকেট
কাউন্সিলে বিসিবির প্রতিনিধিত্ব করবেন নতুন সভাপতি তামিম ইকবাল, ‘আইসিসি ও এসিসিতে
প্রতিনিধিত্বের বিষয়টি নির্ধারণ করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী সভাপতি এ
দায়িত্ব পালন করবেন। যেহেতু আমরা অ্যাডহক কমিটি, তাই আইসিসির পরামর্শ অনুযায়ী
সিইওকে প্রতিনিধি দলে রাখতে বলেছে।’
তিনি বলেন, ‘নিয়মিত কার্যক্রম চালু রাখতে কিছু
প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সিগনেটরি দুটি গ্রুপে ভাগ করা হয়েছে–
একটি ম্যানেজমেন্ট গ্রুপ, যেখানে সিইও এবং হেড অব ফাইন্যান্স থাকবেন; অন্যটি
বোর্ডের পক্ষ থেকে, যেখানে সভাপতি আর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান থাকবেন।’
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তামিম জানান, অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচনে
অংশগ্রহণ করতে পারবেন। তিনি আশা করেন কমিটির সবাই স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ
করবেন। গতকাল প্রথম সভায় অ্যাডহক কমিটির সবাই ক্রিকেট বোর্ডে উপস্থিত থাকতে
পারেননি। বিদেশে থাকায় আতহার আলী খান ও ফাহিম সিনহা জুমে যোগ দিয়েছেন।













