বিএনপি পুরোনো পথেই হাঁটছে

গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না
করায় সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেছেন,
গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করা সরকারের দায়িত্ব। কিন্তু মনে হচ্ছে,
বিএনপি সরকার পুরোনো পথেই হাঁটছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে
সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য’
শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। সুজনের ভারপ্রাপ্ত সভাপতির সাবেক
বিচারপতি এম এ মতিনের সভাপত্বিতে এতে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আবুল হাসান চৌধুরী, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, সাংবাদিক
আশরাফ কায়সার, নাগরিক কোয়ালিশনের
সহআহ্বায়ক ফাহিম মাশরুর প্রমুখ।
যে প্রক্রিয়ায় শেখ হাসিনা দানবে পরিণত
হয়েছিলেন, সেই প্রক্রিয়া ও সেই প্রতিষ্ঠান অব্যাহত থাকলে আবারও একই পরিণতি হবে
বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পুরোনো পদ্ধতিতে হাঁটলে নতুন
গন্তব্যে পৌঁছা যাবে না। মনে হচ্ছে, বিএনপি যেন পুরোনো পথেই হাঁটছে।’ জুলাই সনদ
বাস্তবায়নকে অপরিহার্য আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপির এমপিরা সংবিধান সংস্কার
পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপির নোট অব ডিসেন্টকে গুরুত্বপূর্ণ মনে করেন
না বদিউল আলম মজুমদার।
আশরাফ কায়সার বলেন, আমরা কি পেছনের দিকে হাঁটব,
না সামনের দিকে হাঁটব– এই সিদ্ধান্ত নিতে হবে। আসিফ মোহাম্মদ শাহান বলেন, প্রতিষ্ঠান ঠিক করা হয়নি। তাই নির্বাচনী গণতন্ত্র ঠিক হয়নি। ফাহিম
মাশরুর বলেন, জুলাই সনদের কিছু কিছু জিনিস হয়তো সরকার বাস্তবায়ন করবে, যেগুলোতে
তাদের সুবিধা হবে। রাজনৈতিক সংকীর্ণতা বাদ দিয়ে সংবিধানে সংস্কারের আহ্বান জানান
বিচারপতি এম এ মতিন।













