যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর পারস্য উপসাগরে দীর্ঘ ২৮ দিন আটকে থাকার পর অবশেষে নোঙর তুলেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ 'এমভি বাংলার জয়যাত্রা'। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টায় জাহাজটি তার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন এই জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। 

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে রওনা করেছে। সেখান থেকে হরমুজ প্রণালির মুখে আসতেই ৪০ ঘণ্টা সময় লাগে। আমাদের নির্দেশনা, এটি হরমুজ প্রণালির পার হওয়ার আগে নিরাপদে অবস্থান করবে। ইরান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশ থেকে নির্দেশনা দিলে হরমুজ প্রণালি পার হবে।'

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা 'মেরিন ট্রাফিক'-এর তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ২টার দিকে জাহাজটি ৯ দশমিক ৫০ নটিক্যাল মাইল গতিতে পারস্য উপসাগর দিয়ে এগোচ্ছিল।

বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে 'বাংলার জয়যাত্রা' হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরবর্তীতে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সেটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর ঠিক পরদিন ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সংঘাত।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এড়াতে বিএসসি সিদ্ধান্ত নেয় জাহাজটিকে দেশে ফিরিয়ে আনার। তবে নিরাপত্তার অভাবে সে সময় জাহাজটি মাঝপথ থেকেই আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়। দীর্ঘ ২৮ দিনের উৎকণ্ঠা শেষে আজ আবার নিজ গন্তব্যের পথে রওনা হলো 'বাংলার জয়যাত্রা'।

ছাড়পত্রের অপেক্ষায় 'নর্ডিক পলক্স'

এদিকে গত ৩ মার্চ থেকে সৌদি আরবের রাস তানুয়ারা বন্দরে আটকে আছে 'নর্ডিক পলক্স' নামক একটি তেলের ট্যাঙ্কার। জাহাজটি বাংলাদেশের জন্য প্রায় ৬০০ কোটি টাকা মূল্যের ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) বহন করছে। তবে এখন পর্যন্ত জাহাজটি ছেড়ে আসার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'আমরা এখনো কোনো জাহাজ পার হওয়ার ক্লিয়ারেন্স পাইনি। তবে হরমুজ প্রণালির মুখে যেতে ৩৮-৪০ ঘণ্টা সময় লাগবে। এই জন্য 'বাংলার জয়যাত্রা' যাত্রা শুরু করেছে। এ সময়ের মধ্যেই ক্লিয়ারেন্স পাওয়ার চেষ্টা করছি।' 

তিনি আরও বলেন, 'নর্ডিক পলক্স-এর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা ইউএসএ-র কোম্পানির জাহাজ। ক্লিয়ারেন্স পেলেই এটি যাত্রা শুরু করবে। হরমুজ প্রণালির মুখে যেতে এই জাহাজেরও ৪০ ঘণ্টার মতো সময় লাগবে।' 

দীর্ঘদিন ধরে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল আটকে থাকায় দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। যদিও 'বাংলার জয়যাত্রা' ইতোমধ্যেই যাত্রা শুরু করেছে, তবে 'নর্ডিক পলক্স'-এর ক্ষেত্রে মার্কিন মালিকানা এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দ্রুত জাহাজটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।