এক মাসের ব্যবধানে তৃতীয়বার বাড়ল জেট ফুয়েলের দাম

বিমানের
জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
(বিইআরসি)। এক মাসের ব্যবধানে এই নিয়ে তিনবার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো।
বিইআরসি'র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (৭ এপ্রিল)
নতুন এই দর ঘোষণা করা হয়েছে যা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
সর্বশেষ সমন্বয় অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম
লিটারপ্রতি ২০২.২৯ টাকা থেকে বাড়িয়ে ২২৭.০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। শতাংশের
হিসেবে এই বৃদ্ধির হার ১২.২৬ শতাংশ।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে শুল্ক ও ভ্যাটমুক্ত জেট
ফুয়েলের দাম প্রতি লিটারে ১.৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ এক লাফে অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০
শতাংশ এবং আন্তর্জাতিক রুটে প্রায় ৭৯ শতাংশ দাম বাড়িয়েছিল বিইআরসি। তারও আগে গত ৮
মার্চ অভ্যন্তরীণ রুটে এই জ্বালানির দাম লিটারপ্রতি ৯৫.১২ টাকা থেকে বাড়িয়ে ১১২.৪১
টাকা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক রুটের দাম ০.৬২ ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪
ডলার করা হয়।
সংশ্লিষ্টদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিতিশীলতার
কারণে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারেও নিয়মিতভাবে জেট ফুয়েলের দাম সমন্বয় করা
হচ্ছে।













