সূচকের পতন ১০০ পয়েন্টের বেশি

ব্যাপক দর পতনে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত ৮৯ শতাংশ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। এতে প্রধান মূল্য সূচকের পতন হয়েছে ২ শতাংশের বেশি। গত বুধবার এক দিনে ৯৪ পয়েন্ট বৃদ্ধির পরও সার্বিকভাবে সপ্তাহে সূচক হারিয়েছিল ৯৬ পয়েন্ট।

আগের মতো এ দর পতনের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধই প্রধান কারণ বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘ হলে দেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রথমত জ্বালানি তেলের দাম বাড়বে। বাড়তি মূল্যে কেনার পর সরকারের পক্ষ থেকে এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না এমন কথা বলা হয়েছে। আবার অর্থমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন দাম সমন্বয়ের। এর প্রভাব পড়বে সব ক্ষেত্রে। তাই বিনিয়োগকারীদের একটা অংশ এ অবস্থায় হতাশ হয়ে পড়েছেন বলে মনে হচ্ছে।

জানতে চাইলে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জ্বালানি তেলের সংকট ও মূল্য বৃদ্ধির ইস্যু নিয়ে সবাই উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে দেশে জ্বালানি তেলের সংকট নেই বলা হচ্ছে। তবে মানুষ ভিন্ন কিছু দেখছে। সকাল থেকে রাত অবধি প্রতিটি পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এদিকে জ্বালানি সাশ্রয়ে সরকারই অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান চালুর সময় কমিয়ে আনার নির্দেশ দিয়েছে। শেয়ার লেনদেন সময়ও আধা ঘণ্টা কমানো হয়েছে। এর সব কিছুরই নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব আছে।

পোর্টফোলিও ম্যানেজার হিসেবে কাজ করা বড় একটি মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুরুতে ধারণা ছিল এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না। মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমঝোতার চেষ্টার খবরও কিছুটা আশাবাদ তৈরি করেছিল। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এ যুদ্ধ শিগগির থামছে না। ফলে সবাই নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। 

দিনের লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল সকাল ১০টায় বেশির ভাগ শেয়ারের দর বেড়ে দিনের লেনদেন শুরু হয়। তবে সূচক ছিল নিম্নমুখী। মাত্র ১০ মিনিটের লেনদেনে সূচক হারায় ৫৪ পয়েন্ট। এর কারণ ছিল ব্যাংকসহ বৃহৎ বাজার মূলধনি বেশ কিছু কোম্পানির শেয়ারদর হ্রাস।

ইসলামী ব্যাংক আগের দিনের ৩৯ টাকা ৯০ পয়সা দর নিয়ে লেনদেন শুরু হলেও লেনদেন শুরুর ২ মিনিটের মধ্যে পৌনে ৪ শতাংশ দর হারায়। শুধু এ শেয়ারটির কারণে তখন সূচকে ৭ পয়েন্টের অধিক নেতিবাচক প্রভাব ফেলে। এ ব্যাংকটির বাইরে সিটি ও ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, রবি, স্কয়ার ফার্মাসহ এ ধরনের অধিকাংশ শেয়ার দর হারায়। 

বাজারসংশ্লিষ্টরা জানান, লেনদেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাজার মূলধনি কোম্পানিগুলোর শেয়ার সূচককে ক্রমাগত নিম্নমুখী করে। এতে অন্য কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের মধ্যেও দর পতনের ভীতি ছড়িয়ে পড়ে। ফলে আশাবাদী বিনিয়োগকারীর সংখ্যা কমে যায়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত দর পতন অব্যাহত ছিল।

দিনের লেনদেন শেষের তথ্যানুযায়ী, ডিএসইতে ৩২১ কোম্পানির শেয়ারের দর হারানোর বিপরীতে মাত্র ২৩টির দর বেড়েছে, অপরিবর্তিত থেকেছে সাতটির দর। এতে ডিএসইএক্স সূচক ১০৭ পয়েন্ট হারিয়ে ৫১১২ পয়েন্টে নেমেছে। গত ৮ মার্চের পর এটাই সূচকের সর্বনিম্ন অবস্থান। ডিএসইতে গতকাল কেনাবেচা হয় ৫১২ কোটি টাকার শেয়ার, যা গত বৃহস্পতিবারের তুলনায় ১১৪ কোটি টাকা কম।

খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, বড় খাতগুলোর মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, প্রকৌশল এবং বস্ত্র খাতের শেয়ারদর গড়ে ২ শতাংশ থেকে প্রায় ৩ শতাংশ পতন হয়েছে। অপেক্ষাকৃত ছোট খাতগুলোর মধ্যে সিরামিক খাতের শেয়ারদর প্রায় ৫ শতাংশ, সিমেন্ট খাতের ৩ শতাংশ, পাট খাতের ৪ শতাংশ দর পতন হয়েছে।