মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৭
রাজধানীর মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে
লাগা আগুনে ৩ শিশুসহ দুই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয়
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে ৪০ বছর বয়সী খলিলের শরীরের ৯৫
শতাংশ ও তার স্ত্রী রুমার (৩২) শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিন সন্তান
আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইলও (৪) দগ্ধ হয়েছে এ ঘটনায়। তাদের শরীরের
যথাক্রমে ৩৮, ৩৫ ও ২০ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ অন্য পরিবারের দুজন হলেন শাহজাহান (৩৫) এবং
তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার ১৪ শতাংশ
পুড়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের
জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, রোববার ভোর সাড়ে ৫টার দিকে
মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় এ ঘটনা ঘটে। একজনের শরীরের ৯৫ শতাংশ
পুড়ে গেছে। তার বাঁচার সম্ভাবনা খুব কম। বাকিদের চারজনের ২০ শতাংশের বেশি পুড়েছে।
তাদের তিনজনের শ্বাসনালি পুড়েছে। এ কারণে তারাও শঙ্কামুক্ত নয়।
তিনি বলেন, আহতদের স্বজনরা জানিয়েছেন, সম্ভবত
রান্নাঘরের গ্যাসের লাইনে লিকেজ ছিল। ভোরে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে
বিস্ফোরণ ঘটে। তাতেই তারা দগ্ধ হন।













