ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি, শিক্ষার্থী গ্রেপ্তার

ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইল করার অপরাধে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত শিক্ষার্থী‌র নাম আল আসিফ মাহমুদ প্রিন্স।

বুধবার মধ্যরাতে ঢাকার সাভার ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত আলামত ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী ঢাকার আশুলিয়া থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার যুবক চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছেন। তিনি ফেসবুকে নির্দিষ্ট আইডিকে টার্গেট করে সুকৌশলে নিজের আয়ত্তে এনে ব্ল্যাকমেইল করার মতো বিভিন্ন উপাদান সংগ্রহ করেন। পরবর্তী সময়ে ভুক্তভোগীকে মান সম্মান ক্ষুণ্ণ করার ভয় দেখিয়ে ও ক্রমাগত চাপে রেখে ধাপে ধাপে অর্থ আদায় করেন। 

মামলাটি তদন্তকালে জানা যায়, ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীকে নক দিয়ে ভুক্তভোগী ও তার স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ক্রমাগত হুমকির একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। তদন্তে প্রাপ্ত তথ্য প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করে আল আসিফ মাহমুদ প্রিন্সকে শনাক্ত করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট। অভিযানে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়। 

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রিন্স ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সুকৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ স্বীকার করেছেন। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডের নেওয়া হবে।

সিআইডি এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি বা একান্ত ব্যক্তিগত ছবি/ভিডিও সংরক্ষণ বা শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।